লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে হামলায় ব্যবসায়ী নিহত
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর সদর উপজেলায় ধার নেওয়া মোটরসাইকেল ১৩ দিনেও ফেরত না দেওয়ায় তা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে হোসেন মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে পল্লী চিকিৎসক সাইফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় বাজারে এ ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়া ওই এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে দর্জির ব্যবসা করতেন।
নিহতের পরিবারের অভিযোগ, সাইফুল ইসলামের মোটরসাইকেলটি কিছুক্ষণের জন্য নিয়ে যান শাকিল। কিন্তু ১৩ দিন পার হলেও মোটরসাইকেলটি ফেরত দেননি তিনি। পরে মোটরসাইকেল ফেরত চাইতে গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে শাকিল ও তার লোকজন সাইফুল এবং তার বাবা হোসেন মিয়াকে মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে হোসেন মিয়ার মৃত্যু হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত ১৮ অক্টোবর দুপুরে সাইফুলের ব্যবহৃত মোটরসাইকেলটি কিছুক্ষণের জন্য নেন শাকিল। পরে মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বললেও বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। ঘটনার দিন সাইফুল ও তার বাবা হোসেন মিয়াসহ কয়েকজন মোটরসাইকেলটি আনতে শাকিলের কাছে যান। এ সময় মোটরসাইকেল নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিলসহ তার লোকজন তাদের ওপর হামলা চালান।
পরে আহত হোসেন মিয়া ও সাইফুলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হোসেন মিয়াকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম রনি বলেন, হোসেন নামে ওই ব্যক্তিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন