এইচএসসিতে পাসের পরদিনই পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে শ্রাবণ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরদিনই তার এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই এলাকার একটি ইটভাটার পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত শ্রাবণ ঝিনাইদহ শহরের মুজমদার পাড়ার ব্যবসায়ী সুমন হকের ছেলে। তিনি ঝিনাইদহ কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার তিন বন্ধু মিলে পাগলাকানাই এলাকার একটি ইটভাটার গভীর পুকুরে গোসল করতে নামেন। প্রায় আধা ঘণ্টা গোসলের পর একপর্যায়ে দুই বন্ধু পানি থেকে উঠে এলেও শ্রাবণ পানিতে ডুবে যান।
এ সময় তার বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা পুকুরে তল্লাশি চালিয়ে বিকেলের দিকে শ্রাবণের মরদেহ উদ্ধার করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তিন বন্ধু পুকুরে গোসল করতে নেমেছিলেন। তাদের মধ্যে শ্রাবণ সাঁতার জানতেন না। এ কারণে তিনি পানিতে ডুবে যান। পরে খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন।
উল্লেখ্য, শনিবার ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন