যুক্তরাষ্ট্রে চিকিৎসায় সরকারি সহায়তা নিলে ভিসা নিষেধাজ্ঞার ঝুঁকি
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার ব্যয় মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের নিয়ম লঙ্ঘন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি নাগরিকেরা।
শনিবার (৭ নভেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকেরা চিকিৎসার খরচ মেটাতে সরকারি সহায়তা নিলে তা ভিসার শর্তের অপব্যবহার হিসেবে বিবেচিত হয়। কেউ ভিসার শর্তের অপব্যবহার করলে অথবা যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের অযোগ্য বিবেচিত হতে পারেন।
এর আগে, গত ৩১ অক্টোবর দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে দেশ ছাড়ার বিষয়ে সতর্ক করেছিল মার্কিন দূতাবাস।
ওই বার্তায় বলা হয়, ভিসায় উল্লেখিত ‘অ্যাডমিট আনটিল ডেট’ অনুযায়ী অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। এ তারিখ যাচাই করতে ভ্রমণকারীদের i94.cbp.dhs.gov ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া গত ২৮ অক্টোবর দেওয়া আরেক বার্তায় ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেয় দূতাবাস। সেখানে জানানো হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক সভায় অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে চাকরি বা কর্মসংস্থানের জন্য আলাদা শ্রেণির ভিসা প্রয়োজন।
বিবৃতিতে মার্কিন দূতাবাস আরও জানায়, ভিসার শর্ত মেনে চলার দায়িত্ব সংশ্লিষ্ট ভ্রমণকারীর নিজের।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন