এক্সের অনুবাদে তারেক রহমানের বদলে শেখ হাসিনা, ক্ষুব্ধ জাপানের বাণিজ্যমন্ত্রী
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম জানেন না—এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে যাচ্ছিলেন জাপানের বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়া। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) স্বয়ংক্রিয় অনুবাদব্যবস্থার ভুলে তারেক রহমানের নামের জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম দেখানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই ধরনের ভুল তিনবার ঘটেছে জানিয়ে এক্সের অনুবাদব্যবস্থা পর্যালোচনা ও সংশোধনের দাবি জানিয়েছেন জাপানের এই মন্ত্রী।
গত ২৮ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নিজের এক্স অ্যাকাউন্টে জাপানি ভাষায় একটি পোস্ট দেন আকাজাওয়া। সেখানে তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেন এবং দুই নেতার কয়েকটি ছবিও প্রকাশ করেন। পাশাপাশি বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের প্রত্যাশার কথা তুলে ধরেন।
পোস্টে আকাজাওয়া লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত। বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করে পাওয়ার এশিয়ার মাধ্যমে জ্বালানি সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের মধ্য দিয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তবে পোস্টটির স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে তারেক রহমানের পরিবর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম চলে আসে। এতে আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি তৈরি হয়।
এ ঘটনায় এক্সে ক্ষোভ প্রকাশ করে আকাজাওয়া জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে পোস্ট করার সময় তিনি জাপানি ভাষায় সঠিক নামই লিখেছিলেন। কিন্তু যান্ত্রিক ইংরেজি অনুবাদে নামটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে বিদেশে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
এক্সের মালিক ইলন মাস্ককে উদ্দেশ করে তিনি বলেন, সঠিক অনুবাদ দিতে ব্যর্থ এমন একটি প্ল্যাটফর্মের কার্যক্রম নতুন করে পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন।
অনুবাদের এ ভুলকে গুরুতর উল্লেখ করে আকাজাওয়া বলেন, এর ফলে বাংলাদেশের মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে, জাপানের বাণিজ্যমন্ত্রী তাদের প্রধানমন্ত্রীর নামই জানেন না।
একই ধরনের অভিজ্ঞতা আরও দুবার হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর মধ্যে সর্বশেষ ঘটনাটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে।
আকাজাওয়া জানান, বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে অনলাইন বৈঠক নিয়ে পোস্ট দেওয়ার পরও এক্সের ইংরেজি অনুবাদে ভুল হয়। সেখানে কুয়েতের পরিবর্তে কাতারের জ্বালানিমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করা হয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠক নিয়ে দেওয়া পোস্টের অনুবাদেও ভুল নাম দেখানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তিনটি ঘটনায় একই ধরনের বিভ্রাটের মুখে পড়ার কথা জানিয়ে আকাজাওয়া বলেন, ‘আমি তিনবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।’
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, বাণিজ্যমন্ত্রী রিয়োসেই আকাজাওয়াসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন