ঢাকার শোভাযাত্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে নজরুল ইসলাম আজাদ
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী ঢাকায় আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
শনিবার (৭ নভেম্বর) র্যালিটি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আড়াইহাজার ও নারায়ণগঞ্জের নেতাকর্মীদের বিশাল বহর র্যালিতে অংশ নেয়।
এ উপলক্ষে দুপুর থেকেই নারায়ণগঞ্জ ও আড়াইহাজার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, লাল-সবুজ পতাকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে নয়াপল্টনে সমবেত হন।
এ সময় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় সংহতির আহ্বানে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে এসেছেন। আড়াইহাজারের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো গণতান্ত্রিক ও দলীয় কর্মসূচিতে রাজপথের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছেন তারা।
র্যালিতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। আড়াইহাজার বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর উপস্থিতি র্যালিতে বাড়তি উপস্থিতি যোগ করে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন