পরিবহন খাতের মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করবে নতুন কমিটি: রিজভী
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, নতুন কমিটির মাধ্যমে পরিবহন খাত ঘিরে থাকা মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণের অবসান ঘটবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, নতুন নতুন ধারণা ও উদ্যোগের মাধ্যমে পরিবহন খাত ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে এ খাতকে আইনসংগত ধারায় ফিরিয়ে আনা এবং যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নেও কমিটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে রাজনৈতিক বিশৃঙ্খলা প্রতিরোধ করা গেলে ১৭ বছরের নৈরাজ্যের অবসান ঘটবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন