স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে এখনও গভীর ষড়যন্ত্র চলছে: খায়রুল কবির খোকন
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে অতীতের মতো এখনও গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে যেকোনো ধরনের চক্রান্ত ও ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে।
রোববার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদী জেলা ছাত্রদল আয়োজিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, দর্শন ও কর্মের ওপর এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
খায়রুল কবির খোকন বলেন, জিয়াউর রহমান বীর উত্তম শুধু একাত্তরের মহান স্বাধীনতার ঘোষণাই দেননি, নিজ হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। যুদ্ধ শেষে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে তিনি আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসিয়েছিল।
তিনি আরও বলেন, ১৯৭৫ সাল পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকার বহুদলীয় গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল কায়েম করেছিল। এর মাধ্যমে মানুষের বাক্স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল। সে সময় দুর্ভিক্ষে লাখ লাখ মানুষ মারা গেছেন বলেও দাবি করেন তিনি।
নরসিংদী-১ আসনের এই সংসদ সদস্য বলেন, জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, ন্যায়বিচার ও মানবাধিকার ফিরিয়ে দিয়েছিলেন। একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে জাতিসত্তার পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে খোকন বলেন, শেখ হাসিনার সরকার ইতিহাস বিকৃত করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিল। তারা ৭ নভেম্বরের রাষ্ট্রীয় ছুটিও বাতিল করেছিল। তবে ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, তাদের আজ করুণ পরিণতি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ৭ নভেম্বরের ছুটি পুনর্বহাল করেছে বলেও উল্লেখ করেন তিনি।
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা। এ সময় আরও বক্তব্য দেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারসহ অন্যরা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন