জবিতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, প্রশাসনের কাছে দাবি
ছবির ক্যাপশন *
নিজস্ব প্রতিবেদক:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার (১০ নভেম্বর) এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে উপাচার্য ভবন, বিজ্ঞান অনুষদ ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ভাষাশহীদ রফিক ভবনের নিচে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
মিছিল থেকে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, জবি ক্যাম্পাসে হবে না’, ‘আবু সাঈদের রক্ত, বৃথা যেতে দেব না’ এবং ‘ওয়াসিমের রক্ত, বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে ক্যাম্পাসে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দেওয়া এবং ছাত্রলীগের পরিচয়ে ক্যাম্পাসে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ছাত্রদল। একই সঙ্গে নিয়মিত শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্লাস করার পরিবেশ নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছেন। বিভিন্ন ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, হাসিনা পালায় না বলেও পালিয়ে গেছেন। এখন দেশে ফেরার কথা বললেও তিনি আসবেন না। দেশে ফেরার আগে গণমাধ্যমে তাঁর চেহারা দেখানোর আহ্বান জানান তিনি।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের সংশ্লিষ্টতায় অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে ক্যাম্পাসে এ ধরনের অরাজকতা সৃষ্টি হলে এবং প্রশাসন ব্যবস্থা না নিলে ছাত্রদল নিজ দায়িত্বে সংশ্লিষ্টদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনে থাকা ছাত্রলীগের চিহ্নিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন