বিএনপিতে ‘হাইব্রিড’ নেতাদের দাপট, অবমূল্যায়িত ত্যাগীরা
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রক্ষমতায় ফেরার এক বছর পূর্ণ হওয়ার আগেই বিএনপির সাংগঠনিক চিত্রে পরিবর্তনের অভিযোগ উঠেছে। দলটিতে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অনুপ্রবেশ, নতুন করে ‘হাইব্রিড’ নেতাদের দাপট এবং দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা বাড়ছে। এতে বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে অবদান রাখা নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, বর্তমানে বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু করে মন্ত্রী-এমপি ও বিভিন্ন নেতার বাসাবাড়ি এবং অফিসে নব্য হাইব্রিড নেতাদের আনাগোনা বেড়েছে। অথচ বিগত আন্দোলন-সংগ্রামে তাদের রাজপথে দেখা যায়নি। আওয়ামী লীগের মামলা, হামলা কিংবা নির্যাতনের মুখেও পড়তে হয়নি তাদের। বরং নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা-বাণিজ্য করেছেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তারাই এখন বিএনপির বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তার করছেন।
এমনকি অনেক মন্ত্রী-এমপির আত্মীয়স্বজন, যারা দীর্ঘদিন বিদেশে ছিলেন, তারাও দেশে ফিরে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এতে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরা নিজেদের উপেক্ষিত মনে করছেন। তাদের অভিযোগ, দুঃসময়ে পাশে না থাকা ব্যক্তিরা এখন দল ও সরকারের বিভিন্ন পর্যায়ে প্রভাবশালী হয়ে উঠেছেন। অন্যদিকে মামলা, হামলা ও নির্যাতনের শিকার পুরোনো নেতাকর্মীরা মন্ত্রী-এমপিদের সঙ্গে দেখা করার সুযোগও পাচ্ছেন না।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য কালবেলাকে বলেন, হাইব্রিড নেতাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। তবে কিছু জায়গায় এর ব্যত্যয় ঘটছে। পর্যায়ক্রমে বিএনপির দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন ও পরিশ্রম করেছেন, তাদের মূল্যায়ন করা হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কালবেলাকে বলেন, বিএনপিতে কেউ যোগ দিলে তিনি বিএনপির লোক। তবে নেতাদের সঙ্গে ছবি তুলে যারা নিজেদের বিএনপি বলে দাবি করছেন, তাদের যাচাই-বাছাই করতে দলের সাংগঠনিক টিম কাজ করছে। যারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে দলে অনুপ্রবেশ করছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স কালবেলাকে বলেন, দলে নতুন কাউকে যোগদান না করাতে কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে ফ্যাসিস্টদের কাউকে দলে নেওয়ার প্রশ্নই আসে না। কেউ অনুপ্রবেশ করলে তাকে জবাবদিহির আওতায় আনা হচ্ছে। এরপরও বিভিন্ন ফাঁকফোকর দিয়ে কেউ কমিটিতে ঢুকে পড়তে পারেন। অভিযোগ পেলে কমিটি পুনর্গঠন করা হচ্ছে।
বিএনপির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ
অভিযোগ উঠেছে, আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী হিসেবে পরিচিত ব্যক্তিদের কেউ কেউ এখন বিএনপির প্রভাবশালী নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে ছবি প্রকাশ করে নিজেদের বিএনপিপন্থি হিসেবে পরিচিত করার চেষ্টা করছেন অনেকে। কোথাও কোথাও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিএনপির সাংগঠনিক পদে যুক্ত করার অভিযোগও রয়েছে।
এমনই একজন বাংলাদেশ ইউনিভার্সিটি ও জাহান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক কাজী তায়েফ সাদাত চৌধুরী। তাকে ঘিরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে তিনি গার্মেন্টস ও করপোরেট খাতে প্রভাব বিস্তার করেন। গণঅভ্যুত্থানের পর বিএনপির বিভিন্ন মন্ত্রী-এমপি ও রাজনৈতিক ব্যক্তিদের বাসায় তার যাতায়াত বেড়েছে। তাদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজেকে বিএনপিপন্থি হিসেবে প্রচার করছেন তিনি।
জানা গেছে, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো বর্তমানে কাজী তায়েফ দেখাশোনা করছেন। এসব প্রতিষ্ঠান থেকে অর্জিত অর্থ ভারতে অবস্থানরত শাহরিয়ার কবিরের কাছে পাচার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায় অংশীদারত্ব ছিল তার। পলক কারাগারে থাকায় বর্তমানে তার প্রতিষ্ঠানগুলোর দেখভালও কাজী তায়েফ করছেন বলে অভিযোগ উঠেছে। ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী রিশাদ মোরশেদের সঙ্গে যোগসাজশে বড় প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এসব অভিযোগের বিষয়ে জানতে কাজী তায়েফকে ফোন করা হলে কালবেলার পরিচয় শুনে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন। পরবর্তী সময়ে একাধিকবার ফোন ও মেসেজ পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি।
আওয়ামী লীগ নেতার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার অভিযোগ
এদিকে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. আবুল বাশার খান সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তুরস্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, আবুল বাশার খান আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন। গণঅভ্যুত্থানের পর সাবেক এই মন্ত্রীর সঙ্গে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যার অভিযোগে করা মামলার আসামি তিনি। ফরিদপুর-১ আসনে স্বতন্ত্রভাবে সংসদ নির্বাচনও করেছিলেন।
এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স কালবেলাকে বলেন, যাচাই করে দেখা গেছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকায় আবুল বাশারের নাম ছিল না। সম্মেলনে পরিবেশবাদী, বিরোধী দলের নেতাসহ বিভিন্ন দল ও এনজিওর লোকজন গিয়েছেন। তিনি হয়তো ব্যক্তিগতভাবে গেছেন।
যোগদানের পরই পদ ও নির্বাচনে প্রার্থী করার প্রতিশ্রুতি
সম্প্রতি গোপালগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, যোগদানের পর তাদের কাউকে কাউকে অর্থের বিনিময়ে সাংগঠনিক পদ দেওয়া এবং স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের ছানোয়ার হোসেন মিলনের নেতৃত্বে আওয়ামী লীগের প্রায় ১ হাজার ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। গত ২৭ অক্টোবর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ঘনিষ্ঠ ও শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা রানা মোল্লা পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দেন।
এ ছাড়া উলপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বাবুল মোল্লা এবং দুর্গাপুর ইউনিয়নের ছাত্রলীগ নেতা জিলানী বিএনপিতে যোগ দিয়েছেন। এর বাইরে জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের বাবা ও দুই ভাই আওয়ামী লীগের পদধারী রাজনীতিতে যুক্ত। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন লিপটনের ভগ্নিপতি মোল্লা কাওছার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেনিনের ভাই জাহিদুল ইসলাম সেলিম সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি। গোপালগঞ্জের অন্য আসনগুলোতেও একই ধরনের চিত্র রয়েছে বলে দাবি স্থানীয় নেতাকর্মীদের।
তৃণমূলের নেতাকর্মীদের ভাষ্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এফ ই সরফুজ্জামান জাহাঙ্গীর, সাইফুর রহমান নান্টু, এম এইচ খান মঞ্জু ও এম সিরাজুল ইসলামের নেতৃত্বে দীর্ঘদিন ধরে গোপালগঞ্জে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে উঠেছে। ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন। তাদের যথাযথ মূল্যায়ন না করে নতুন যোগদানকারীদের পদ-পদবি দেওয়ার উদ্যোগে ক্ষোভ বাড়ছে। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় নেতারা।
আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেকেই বহাল তবিয়তে
আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগে গত ১২ নভেম্বর জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষাবিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। তবে একই ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও আরও অনেকে বহাল তবিয়তে রয়েছেন বলে দাবি বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর তৃণমূলের নেতাকর্মীদের।
তাদের প্রশ্ন, একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও অন্যদের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হচ্ছে না কেন? রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড যাচাই না করে কারা তাদের দলীয় কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছেন?
রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে বিএনপিতে পদ পাওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর মিরপুরেও। গণঅভ্যুত্থানের সময় মিরপুরে ছাত্র সিয়াম হত্যার মামলার আসামি নজরুল ইসলামকে গোপনে পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। তাদের দাবি, সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান তাকে ওই পদে দায়িত্ব দিয়েছিলেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, নজরুল ইসলাম মিরপুরের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ভাগনে পরিচয় এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও যুবলীগ নেতা কাজী জহিরুল ইসলাম মানিকের ঘনিষ্ঠ হিসেবে তিনি এলাকায় প্রভাব বিস্তার করতেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনে নৌকা মার্কার ফটোকার্ড ঝুলিয়ে বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে তাকে দেখা গেছে বলেও দাবি তাদের।
নজরুল ইসলামের মতো আরও কয়েকজন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিকে বিএনপির কমিটিতে পদ দেওয়ার আলোচনা ছিল বলে অভিযোগ স্থানীয় নেতাকর্মীদের। তবে সংশ্লিষ্ট কমিটি বিলুপ্ত হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে নজরুল ইসলামের পদ বাতিলের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম কালবেলাকে বলেন, তিনি জীবনে কখনো আওয়ামী লীগ করেননি। তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল। এরই মধ্যে বাদীপক্ষ মামলা প্রত্যাহার করে নিয়েছে। জামায়াতের লোকজন তার বিরুদ্ধে অভিযোগ করছেন বলেও দাবি করেন তিনি।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা কমিটির সদস্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর কমিটির সভাপতি সৈয়দা ফৌজিয়া হোসেন এখন বিএনপির নেত্রী। বর্তমানে তিনি জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ, ফৌজিয়া আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন এবং দলটির একাধিক প্রভাবশালী নেতার বাসায় তার যাতায়াত ছিল। এমনকি বিগত সময়ে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চেয়ে তিনি মানববন্ধন করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। এ-সংক্রান্ত বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তৃণমূলের নেতাকর্মীদের দাবি, সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিএনপিতে আওয়ামী লীগ বা তাদের সুবিধাভোগী নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে। তাদের কারণে বিএনপির অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী নেতার সঙ্গে দেখা করাও কঠিন হয়ে পড়েছে।
দল পরিচালনায় আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি?
আওয়ামী লীগ সরকারের আমলে টানা ১৫ বছর দলের ভেতরে অনুপ্রবেশকারী ও সুবিধাভোগীদের প্রভাব নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে। বিশেষ করে ২০১৫ সালের পর থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়তে থাকে। তাদের সঙ্গে আওয়ামী লীগের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের দ্বন্দ্বও প্রায়ই আলোচনায় আসে। অনেক নেতাকর্মীকে যথাযথ মূল্যায়ন না করার অভিযোগ ছিল দলটির বিরুদ্ধে।
এখন বিএনপির ভেতরেও একই ধরনের অভিযোগ সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দল ও সরকার পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগের দেখানো পথেই বিএনপি হাঁটছে কি না, সেই প্রশ্ন তুলছেন বিএনপিপন্থি রাজনৈতিক বিশ্লেষকরা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুবিধাবাদীদের উপস্থিতি বৃদ্ধি, পুরোনো কর্মীদের অবমূল্যায়ন এবং নেতৃত্বের চারপাশে নতুন বলয় তৈরির অভিযোগ—এই বিষয়গুলোতে দুই দলের মধ্যে একই ধরনের চিত্র দেখা যাচ্ছে। বিএনপির সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো পুরোনো ও পরীক্ষিত নেতাকর্মীদের আস্থা ধরে রাখা। একই সঙ্গে দলে অনুপ্রবেশের অভিযোগ উঠলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক দিলারা চৌধুরী কালবেলাকে বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো পার্থক্য দেখছেন না তিনি। শেখ হাসিনা দলে অনুপ্রবেশকারীদের ঠাঁই দিয়ে তার ফল পেয়েছেন। বিএনপিও একই পথে হাঁটছে। দলে অনুপ্রবেশকারীদের ঠাঁই দিলে গ্রুপিং ও কোন্দল বাড়বে। আবার বিদেশফেরত গ্রুপের চাপেও পড়ছেন অনেকে।
তিনি বলেন, গত ১৭ বছর যারা আন্দোলন করেছেন, ধানক্ষেতে ঘুমিয়েছেন, তাদের মূল্যায়ন করতে হবে। যারা অন্ধের মতো সমর্থন দিয়েছেন, তাদের মূল্যায়ন না করলে ভবিষ্যতে দলই ক্ষতিগ্রস্ত হবে। এর বহিঃপ্রকাশ যেকোনো সময় ঘটতে পারে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন