ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ চাইল ঢাকা কলেজ ছাত্রদল
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার যেসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র্যাগিং ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ চেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখা।
সোমবার (১৬ নভেম্বর) সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা সোয়াইব আহমেদ সজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার যেসব নেতাকর্মী ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র্যাগিং এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বা এখনো রয়েছেন, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
এ জন্য সংশ্লিষ্ট তথ্য ও প্রমাণ ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক এবং সহ-দপ্তর সম্পাদকের কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জমা দেওয়া তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই ও তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ, একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
পাশাপাশি তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন