খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:৪০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল

ছবিতে জেলা প্রসাশকের দপ্তর

গিয়াস রনি ।। নোয়াখালী জেলা সংবাদদাতা

নোয়াখালীর চাটখিল উপজেলায় নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে আটটিতে তালা দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দেওয়া হয়। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মচারীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে শাহাপুর ছাড়া বাকি আটটিতে তালা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদগুলো হলো—রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া।

সংশ্লিষ্ট চেয়ারম্যানদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের ওপর রাজনৈতিক ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে। কয়েকটি পরিষদে নেতা-কর্মীরা ‘ওপরের নির্দেশ’ আছে বলে তালা দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টার দিকে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ চাটখিল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেনের বাড়ির সামনে একদল নেতা-কর্মী অবস্থান নিয়ে উসকানিমূলক স্লোগান দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা ইউনিয়ন পরিষদে ঢুকে তার কক্ষের চেয়ার-টেবিল ও আসবাব ভাঙচুর করেন। এ সময় প্রয়োজনীয় সরকারি কাগজপত্রও তছনছ করা হয়। পরে সেবা নিতে আসা লোকজন ও কর্মচারীদের বের করে দিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

অন্যদিকে দুপুর ১২টার দিকে নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিকের কার্যালয়ে যান একদল নেতা-কর্মী। তারা ‘ওপরের নির্দেশ’ আছে জানিয়ে তাকে কার্যালয় বন্ধ করে চলে যেতে বলেন। তখন পরিষদে টিসিবির পণ্য বিতরণ ও জন্মনিবন্ধনের কার্যক্রম চলছিল। পরে চেয়ারম্যান নিজের কক্ষে তালা দিয়ে চলে যান। এরপর নেতা-কর্মীরা সেখানে আরেকটি তালা ঝুলিয়ে দেন এবং সচিবসহ অন্যদের বের করে দেন। এতে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমও ব্যাহত হয়। পরে বৃষ্টির মধ্যে সড়কে দাঁড়িয়ে উপকারভোগীদের মধ্যে পণ্য বিতরণ করতে বাধ্য হন ডিলার।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, বিষয়টি আমি সন্ধ্যার দিকে শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। যারা বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ফ্যাসিস্টদের অর্থায়নের অভিযোগ রয়েছে। ঘটনাটি নিয়ে জেলার নেতাদের সঙ্গে কথা বলব।

আটটি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, স্থানীয় কিছু নেতৃবৃন্দ এসব তালা দিয়েছেন। ইউনিয়ন পরিষদে যারা চেয়ারম্যান ছিল তাদের কিছু ঘটনার প্রেক্ষিতে ক্ষুদ্ধ হয়ে তারা এমনটি করেছে।  

ইউএনও আরও বলেন, আমরা তাদের বলেছি, আপনারা যা করেছেন, তা সরকারের পক্ষে যাচ্ছে না। তারা বলেছেন, বিষয়টি না বুঝে করেছেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী রোববার থেকে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম আবার চালু হবে।
advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম