খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

কপ৩১-এর খসড়ায় জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ বাদ, ২০টির বেশি দেশের আপত্তি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কপ৩১-এর খসড়ায় জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ বাদ, ২০টির বেশি দেশের আপত্তি

যোগফল প্রতিবেদক:

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর চুক্তির খসড়া থেকে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো এবং জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত উত্তরণের বিষয়টি বাদ পড়ায় বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে সুস্পষ্ট অঙ্গীকারের দাবিতে ২০টির বেশি দেশ একজোট হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থায়ন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

শুক্রবার সম্মেলনে অংশ নিয়ে ২০টির বেশি দেশ জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের আগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমানোর বিষয়ে চূড়ান্ত চুক্তিতে কার্যকর ও সুস্পষ্ট অঙ্গীকার রাখার দাবি জানায় তারা। শনিবার সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার প্রকাশিত সংশোধিত খসড়া চুক্তি থেকে জীবাশ্ম জ্বালানি দ্রুত ব্যবহার কমানোর আহ্বান এবং এ বিষয়ে রোডম্যাপ তৈরির প্রস্তাব বাদ দেওয়া হয়। এতে ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ ক্ষোভ প্রকাশ করে। পরিবেশবাদী সংগঠন ও জলবায়ু অধিকারকর্মীরাও খসড়াটির সমালোচনা করেছেন।

পানামার পরিবেশমন্ত্রী জুয়ান কার্লোস নাভারো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়ে সুস্পষ্ট অঙ্গীকার না থাকলে তারা তা মেনে নেবেন না। আফ্রিকান গ্রুপ অব নেগোসিয়েটরস এবং ফ্রান্সসহ কয়েকটি দেশও বর্তমান খসড়াকে দুর্বল বলে প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে সম্মেলনের আয়োজক তুরস্ক ও আলোচনার সহসভাপতি অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, নতুন প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে আগের সম্মেলনগুলোতে নেওয়া অঙ্গীকার বাস্তবায়নে বেশি গুরুত্ব দেওয়া উচিত।

জলবায়ু অর্থায়ন নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর অভিযোজন সক্ষমতা বাড়াতে ১২০ বিলিয়ন ডলারের তহবিলের লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা চলছিল। তবে সর্বশেষ খসড়া থেকে সেটিও বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থায়ন পাওয়ার বিষয়টি নতুন করে অনিশ্চয়তায় পড়েছে।

কপ বয়কট নয়, সম্মেলনের ভেতরে থেকেই সোচ্চার হওয়ার আহ্বান সোহানের

জলবায়ু সম্মেলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠলেও কপ বয়কটের পক্ষে নন বাংলাদেশের তরুণ জলবায়ু অধিকারকর্মী ও ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান। তার মতে, সম্মেলন থেকে বেরিয়ে যাওয়া নয়, বরং ভেতরে থেকেই জলবায়ু সংকটের জন্য দায়ী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

কপ৩১-এর ভেন্যুতে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে সোহান বলেন, কপ কার্যকর ভূমিকা রাখতে পারছে না—এমন প্রশ্ন থেকেই সম্মেলন বর্জনের আলোচনা সামনে এসেছে। তবে বয়কট করলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর দাবি তুলে ধরার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ হারিয়ে যাবে।

তিনি বলেন, গ্রেটা থুনবার্গ চার-পাঁচটি কপ বর্জন করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কপেই ফিরে এসে সম্মেলনকে ভণ্ড বলে সমালোচনা করেছেন। তাই এই প্রক্রিয়া থেকে সরে না গিয়ে সম্মেলনের ভেতরে থেকেই বলতে হবে, পৃথিবী ধ্বংসের মুখে এবং উন্নত রাষ্ট্রগুলো পৃথিবীকে হত্যা করছে।

সোহান আরও বলেন, ইউরোপ, আমেরিকা, সৌদি আরবসহ তেলনির্ভর রাষ্ট্র এবং ভারত ও চীন নিজেদের উন্নয়নের ক্ষেত্রে জলবায়ু ন্যায়বিচারের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করছে না। অথচ বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে।

জাতিসংঘের জলবায়ু আলোচনায় সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্যবাধকতা ও শাস্তির ব্যবস্থা না থাকাকেও বড় দুর্বলতা হিসেবে উল্লেখ করেন তিনি।

এদিকে সম্মেলনের সভাপতি মুরাত কুরুম জানিয়েছেন, সর্বশেষ প্রকাশিত খসড়া চুক্তিই চূড়ান্ত নয়। প্রায় ২০০টি দেশের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য আলোচনা চলবে। প্রয়োজনে আলোচনা শনিবার পর্যন্ত গড়াতে পারে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম