রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, নিহত বেড়ে ২; তদন্ত কমিটি গঠন
রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী একটি মালবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করেছে। ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে বগিগুলো সড়কে উঠে যাত্রীবাহী বাস, মাহিন্দ্র ও ইজিবাইককে চাপা দিলে দুইজন নিহত এবং অন্তত তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই আহ্লাদিপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকের যাত্রী মনোয়ার এবং থ্রি-হুইলারের যাত্রী আব্দুল মালেক মারা যান।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যবিশিষ্ট একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট কারণ নির্ধারণে ডা. মো. শাকিল আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর ওই এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্ধার ও পুনরুদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন