খুঁজুন
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ২০ শ্রাবণ, ১৪৩৩

হামের চিকিৎসা ব্যয়ে ঋণের ফাঁদে ১০ পরিবারের ৯টি

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬, ২:৫২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হামের চিকিৎসা ব্যয়ে ঋণের ফাঁদে ১০ পরিবারের ৯টি

বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব শুধু জনস্বাস্থ্যের জন্যই নয়, হাজারো পরিবারের জন্যও বড় আর্থিক সংকট তৈরি করেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর এক যৌথ জরিপে দেখা গেছে, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে প্রতি ১০টি পরিবারের মধ্যে ৯টিই ঋণ নিতে বাধ্য হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে প্রকাশিত এ জরিপ পরিচালনা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত অন্তত ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জরিপে ১২টি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা ২ হাজার ৭৪৬টি পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, সরকারি হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে হলেও ওষুধ, যাতায়াত, খাবার ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় পরিবারগুলোর জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

জরিপ অনুযায়ী, ৩৫ শতাংশ পরিবারের ওষুধ কেনার জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার প্রয়োজন হয়েছে। এছাড়া ২২ শতাংশ পরিবার খাদ্য সহায়তার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আক্রান্ত পরিবারের অধিকাংশই নিম্ন আয়ের, যাদের মাসিক আয় প্রায় ৬ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে।

মূল্যায়নে আরও দেখা গেছে, একটি পরিবার গড়ে চিকিৎসা ও সংশ্লিষ্ট খাতে প্রায় ১৬ হাজার টাকা ব্যয় করেছে। অনেক ক্ষেত্রে এই ব্যয় আরও বেশি হয়েছে। জরিপে অংশ নেওয়া হাজেরা খাতুন জানান, গ্রামের বাড়ি থেকে ঢাকায় সন্তানকে হাসপাতালে আনতে শুধু অ্যাম্বুলেন্স ভাড়াতেই তার ২৪ হাজার টাকার বেশি খরচ হয়েছে।

এছাড়া অনেক অভিভাবক জানিয়েছেন, অসুস্থ সন্তানের পাশে হাসপাতালে দীর্ঘদিন থাকতে গিয়ে তারা কাজ বা চাকরি হারিয়েছেন, ফলে পরিবারের আয়ও কমে গেছে।

ঢাকায় আইএফআরসির প্রধান আলবার্তো বোকানেগ্রা বলেন, হামের প্রভাব শুধু স্বাস্থ্যঝুঁকির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বহু পরিবারকে মারাত্মক অর্থনৈতিক সংকটেও ফেলছে। তাই জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় মানবিক সহায়তা ও শক্তিশালী সামাজিক সুরক্ষা কর্মসূচি একসঙ্গে প্রয়োজন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কবির এম. আশরাফ আলম বলেন, জরিপে স্পষ্টভাবে উঠে এসেছে যে, হামে আক্রান্ত পরিবারগুলো একদিকে স্বাস্থ্যঝুঁকি, অন্যদিকে তীব্র আর্থিক চাপ—দুই সংকটই একসঙ্গে মোকাবিলা করছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এর নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই; টিকাদানই এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। এ পরিস্থিতিতে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে দেশজুড়ে গণটিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্র

পাবনার বেড়া উপজেলার কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে কাজিরহাটের নটাখোলা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অভিযান চালাচ্ছে।

নিখোঁজ দুই কিশোর হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে রাতুল রায় (১৫) এবং পাবনার দিলালপুর এলাকার মিঠুলাল সরকারের ছেলে প্রভাত সরকার (১৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই

কিশোর আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় আত্মীয় শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার দুপুরে বাড়ির পাশের যমুনা নদীতে গোসল করতে নামলে প্রবল স্রোতে তারা ভেসে যায়। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় নদীতে খোঁজাখুঁজি করলেও তাদের উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, নিখোঁজ দুই স্কুলছাত্রকে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে অভিযান চালাচ্ছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।

ঘটনার পর দুই পরিবারের স্বজনদের মধ্যে শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ আগস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা

বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়াতে বিশ্বখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে আনার পরিকল্পনা নিয়েছে সরকার। সবকিছু অনুকূলে থাকলে আসন্ন ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকাকে ঢাকায় দেখা যেতে পারে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মীর শাহে আলম বলেন, দেশের তরুণ

দের মধ্যে ফুটবল নিয়ে নতুন উদ্দীপনা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় টুর্নামেন্টটি আয়োজন করছে এবং সমাপনী অনুষ্ঠানে কিলিয়ান এমবাপ্পেকে আনার বিষয়ে কাজ চলছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকাকে ঢাকায় আনা সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। এজন্য দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল দল গঠনের নির্দেশনা দেওয়া হবে। কোনো কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় বা সাধারণ কলেজ দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। শিক্ষার্থী কম থাকলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ। টুর্নামেন্টকে ঘিরে অনুষ্ঠিত সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ সফর করেছেন বিশ্বকাপজয়ী বেশ কয়েকজন কিংবদন্তি ফুটবলার। ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের জিনেদিন জিদান, ২০২২ সালে বিশ্বকাপ ট্রফি নিয়ে আসা ক্রিস্টিয়ান কারেম্বু, চলতি বছর ব্রাজিলের গিলবার্তো সিলভা এবং জার্মানির মেসুত ওজিল বাংলাদেশ সফর করেন। এছাড়া লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা জাতীয় দলও একসময় ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ব্যালন ডি’অরের দৌড়ে শীর্ষ পাঁচে ১৯ বছর বয়সী ফুটবলার.

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্যালন ডি’অরের দৌড়ে শীর্ষ পাঁচে ১৯ বছর বয়সী ফুটবলার.

বিশ্বকাপের রোমাঞ্চ শেষ হলেও ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় ২০২৬ সালের ব্যালন ডি’অর। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স এবং ক্লাব মৌসুমে ধারাবাহিক নৈপুণ্যের ভিত্তিতে একাধিক তারকা ফুটবলার উঠে এসেছেন মর্যাদাপূর্ণ এই পুরস্কারের দৌড়ে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রকাশিত সর্বশেষ পাওয়ার র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন রদ্রি, হ্যারি কেইন, লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি।

রদ্রি সবার ওপরে

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। বিশ্বকাপে গোল্ডেন বল জয়ের পাশাপাশি স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ক্লাব ফুটবলে ইনজুরি থেকে ফিরে মৌসুমের শুরুটা কিছুটা ধীরগতির হলেও বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স তাকে আবারও ব্যালন ডি’অরের অন্যতম প্রধান দাবিদারে পরিণত করেছে।

কেইনের গোলঝড়ে দ্বিতীয় স্থান

দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে ২০২৫-২৬ মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করে ইউরোপের অন্যতম সফল গোলস্কোরার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। পাশাপাশি লিগ ও কাপ ডাবল জয়ের পাশাপাশি বিশ্বকাপেও ইংল্যান্ডের হয়ে ছয় গোল করেন। অনেক ফুটবল বিশ্লেষকের মতে, ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে কেইনই সবচেয়ে শক্তিশালী দাবিদার।

মাত্র ১৯ বছরেই ইতিহাস গড়া ইয়ামাল

তৃতীয় স্থানে রয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ—দুই বড় আন্তর্জাতিক শিরোপা জয়ের কীর্তি গড়েছেন তিনি। বার্সেলোনার হয়েও দুর্দান্ত মৌসুম কাটানো এই উইঙ্গারকে ভবিষ্যতের ব্যালন ডি’অরের অন্যতম সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা।

চারে এমবাপ্পে

চতুর্থ স্থানে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। যদিও রিয়াল মাদ্রিদের হয়ে বড় কোনো শিরোপা জিততে পারেননি, তবুও ব্যক্তিগত পারফরম্যান্সে ছিলেন অনন্য।

শীর্ষ পাঁচে মেসি

পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে আট গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। শেষ পর্যন্ত শিরোপা না জিতলেও পুরো টুর্নামেন্টে তার পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে, বয়স কেবল একটি সংখ্যা—বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এখনও ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন এই কিংবদন্তি।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম