খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র, ১৪৩৩

c

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ৯:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
c

যোগফল প্রতিবেদক:

নের হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটগুলো দৌড়ের গতিতে মানুষকে ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা দেখিয়েছে। তবে শুধু দ্রুত দৌড়াতে পারাই নয়, এখন বড় প্রশ্ন হলো—প্যাকেজিং, গুদাম ব্যবস্থাপনা কিংবা কারখানার মতো বাস্তব কর্মক্ষেত্রে তারা কতটা দক্ষতার সঙ্গে কাজ করতে পারে?

শনিবার (২৩ আগস্ট) বেইজিংয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস’। মানুষের ক্রীড়া প্রতিযোগিতার আদলে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন খেলাধুলার পাশাপাশি কারখানা, রেস্তোরাঁ, অফিস ও জরুরি পরিস্থিতির অনুকরণে তৈরি পরিবেশে রোবটকে নানা ধরনের কাজ করানো হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে ব্যাপক প্রচার পাওয়া এই আয়োজনে মোট ৫১টি ইভেন্ট রয়েছে। এর মধ্যে ৩০টি ক্রীড়া প্রতিযোগিতা এবং ২১টি বাস্তব পরিস্থিতিভিত্তিক প্রতিযোগিতা। প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের তথ্য অনুযায়ী, এসব ইভেন্টের ৪০ শতাংশের বেশি ক্ষেত্রে রোবটকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে হবে।

বোল্টের রেকর্ডও ছাড়াল রোবট

শনিবার ১০০ মিটার দৌড়ে দুটি রোবট জ্যামাইকান কিংবদন্তি উসাইন বোল্টের ৯.৫৮ সেকেন্ডের বিশ্বরেকর্ডের চেয়েও দ্রুত সময় করেছে। ২০২৫ সালের তুলনায় এটি বড় অগ্রগতি। গত বছর এই ইভেন্টের বিজয়ী রোবটের সময় ছিল ২০ সেকেন্ডের বেশি।

তবে গতি বাড়লেও রোবটগুলোর থামার ক্ষেত্রে কিছুটা দুর্বলতা দেখা গেছে। দৌড় শেষ হওয়ার কয়েক মিটার পর আয়োজকদের রাখা মোটা ম্যাটে গিয়ে ধাক্কা খেয়েছে কয়েকটি রোবট।

একই মডেলের আরেকটি হিউম্যানয়েড রোবট ৪০০ মিটার দৌড় শেষ করেছে ৩৯.৭ সেকেন্ডে। এই সময় দক্ষিণ আফ্রিকার ওয়েড ভ্যান নিকের্কের ৪৩.০৩ সেকেন্ডের বিশ্বরেকর্ডের চেয়েও দ্রুত।

শুধু দৌড় নয়, বাস্তব কাজেই আসল পরীক্ষা

রোবটিকস বিনিয়োগকারী ও দর্শক সু ছিয়াওশেং বলেন, গত বছরের তুলনায় এবারের প্রতিযোগিতার তীব্রতা অনেক বেশি। এতে রোবটের ব্যাটারি ব্যবস্থাপনা ও তাপ নিয়ন্ত্রণ সক্ষমতার ওপরও বড় চাপ পড়ছে। তার মতে, চীনের শিল্প খাতের উন্নয়নে এই প্রতিযোগিতার গুরুত্ব রয়েছে।

দড়ি টানাটানি ও ভারোত্তোলনের মতো প্রতিযোগিতার পাশাপাশি রোবট অংশ নেবে ঐতিহ্যবাহী চীনা খেলা তাই চি এবং ‘পিচ-পট’-এও। পিচ-পটে সরু মুখের পাত্রের মধ্যে তীরের মতো কাঠি নিক্ষেপ করা হয়। ফলে ঐতিহ্যবাহী খেলাগুলোও রোবটের মাধ্যমে পাচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তির নতুন রূপ।

তবে বিশেষজ্ঞদের মতে, রোবটের সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ছোটখাটো বাস্তব সমস্যার মধ্যে। নির্ধারিত কোণের বাইরে কোনো কেবল থাকলে, কোনো বস্তু নাগালের একটু বাইরে চলে গেলে, প্যাকেটের অবস্থান বদলে গেলে কিংবা রোবটের পা ভুল জায়গায় পড়লে—তখন সেটি কীভাবে পরিস্থিতি সামাল দেয়, সেটিই হবে গুরুত্বপূর্ণ।

এসব পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে, রোবট কোনো বস্তু সঠিকভাবে শনাক্ত করতে পারে কি না, হাত ও শরীর যথাযথ অবস্থানে নিতে পারে কি না, নিয়ন্ত্রিত শক্তি প্রয়োগ করতে পারে কি না এবং মানুষের সাহায্য ছাড়াই ভুল থেকে নিজেকে সামলে নিতে পারে কি না।

অর্থাৎ, দ্রুত দৌড়ানো রোবটের জন্য নিঃসন্দেহে বড় অর্জন। কিন্তু মানুষের মতো বাস্তব কর্মক্ষেত্রে নির্ভুলভাবে কাজ করা এবং অপ্রত্যাশিত পরিস্থিতিতে নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারাই হবে তাদের সবচেয়ে বড় পরীক্ষা।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মানবতার মুক্তির দিশারি মহানবী (সা.): তার আদর্শ ও শিক্ষা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ৪:০৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মানবতার মুক্তির দিশারি মহানবী (সা.): তার আদর্শ ও শিক্ষা

যোগফল প্রতিবেদক:

রবিউল আউয়াল হিজরি সনের তৃতীয় মাস। প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও কর্মের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত হওয়ায় মুসলিম উম্মাহর কাছে মাসটির বিশেষ তাৎপর্য রয়েছে। প্রচলিত ঐতিহাসিক বর্ণনায় এ মাসে মহানবী (সা.)-এর জন্ম ও ওফাতের কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে তার হিজরতের সফরও এ মাসে মদিনায় পৌঁছানোর মধ্য দিয়ে ঐতিহাসিক পরিণতি লাভ করে। ফলে রবিউল আউয়াল এলে মুসলমানদের মধ্যে নবীপ্রেম, তার আদর্শ অনুসরণের আকাঙ্ক্ষা এবং মহান জীবন থেকে শিক্ষা গ্রহণের প্রেরণা জাগ্রত হয়।

আল্লাহ তাআলা মহানবী (সা.)-কে শুধু কোনো জাতি বা ভূখণ্ডের জন্য নয়, সমগ্র বিশ্বমানবতার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমতস্বরূপই প্রেরণ করেছি।’ (সুরা আল-আম্বিয়া: ১০৭)

তার জীবন ছিল শান্তি, সাম্য, ন্যায়, মানবিকতা, ক্ষমা, সহমর্মিতা ও উত্তম চরিত্রের অনন্য দৃষ্টান্ত। তাই মহানবী (সা.)-এর আদর্শ শুধু ইতিহাসের কোনো অধ্যায় নয়; বরং ব্যক্তি, পরিবার ও সমাজজীবন সুন্দর করার চিরন্তন পথনির্দেশ।

জাহেলিয়াতের অন্ধকারে আলোর আবির্ভাব

মহানবী (সা.)-এর আবির্ভাবের আগে আরব সমাজে নৈতিক ও সামাজিক অবক্ষয় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। পাপাচার, ব্যভিচার, মিথ্যাচার, হত্যা, লুণ্ঠন, মদ্যপান, জুয়া, গোত্রীয় সংঘাত ও প্রতিহিংসা সমাজজীবনকে বিপর্যস্ত করেছিল। ধর্মীয় জীবনে শিরক ও কুফরও ব্যাপকভাবে প্রচলিত ছিল।

নারীসমাজ ছিল চরম অবহেলা ও অধিকারবঞ্চনার শিকার। কন্যাসন্তান জন্মকে অনেকে লজ্জার বিষয় মনে করত এবং কোনো কোনো ক্ষেত্রে জীবন্ত কন্যাশিশুকে মাটিতে পুঁতে ফেলার মতো নিষ্ঠুর প্রথাও চালু ছিল।

এমন অন্ধকারাচ্ছন্ন সময়ে মানবতার মুক্তির দিশারি ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) আবির্ভূত হন। তার দাওয়াত মানুষের হৃদয়কে তাওহিদ, নৈতিকতা, ন্যায় ও মানবিকতার আলোয় আলোকিত করে।

জন্ম ও জীবনধারার তাৎপর্য

প্রচলিত সীরাতের বর্ণনা অনুযায়ী, ৫৭০ খ্রিস্টাব্দে পবিত্র মক্কায় রবিউল আউয়াল মাসে সোমবার মহানবী (সা.) জন্মগ্রহণ করেন। তবে তার জন্মতারিখ হিসেবে ১২ রবিউল আউয়াল বহুল প্রচলিত হলেও সুনির্দিষ্ট তারিখ নিয়ে ঐতিহাসিক মতভেদ রয়েছে। তাই জন্মতারিখের পাশাপাশি তার জীবন, চরিত্র ও শিক্ষা অনুসরণ করাই হওয়া উচিত মূল লক্ষ্য।

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ—তার জন্য, যে আল্লাহ ও শেষ দিনের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।’ (সুরা আল-আহযাব: ২১)

শান্তি প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর ভূমিকা

মহানবী (সা.) ছিলেন শান্তি ও সহমর্মিতার মূর্ত প্রতীক। তৎকালীন আরবের বিভিন্ন গোত্রে দীর্ঘদিন ধরে হিংসা-বিদ্বেষ, সংঘাত ও যুদ্ধবিগ্রহ চলছিল। তিনি সংঘাতের পরিবর্তে শান্তি, প্রতিহিংসার পরিবর্তে ক্ষমা এবং বিভেদের পরিবর্তে ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্ব দেন।

বিভিন্ন গোত্র ও জনগোষ্ঠীর সঙ্গে চুক্তি ও সন্ধির মাধ্যমে তিনি একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করেন। তার শিক্ষা ছিল—মানুষের অধিকার রক্ষা, অন্যায় ও জুলুম থেকে বিরত থাকা এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ন্যায় ও সৌহার্দ্য বজায় রাখা।

নারীসমাজের মর্যাদা ও অধিকার

মহানবী (সা.) নারীজাতির মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি নারীর প্রতি উত্তম আচরণের শিক্ষা দিয়েছেন এবং কন্যাসন্তানের লালন-পালনকে সম্মানের বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনদের মধ্যে পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী সে-ই, যার চরিত্র সর্বোত্তম; আর তোমাদের মধ্যে উত্তম তারাই, যারা তাদের নারীদের প্রতি উত্তম আচরণ করে।’ (তিরমিজি: ১১৬২)

আরেক হাদিসে নারীদের সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘তোমরা নারীদের প্রতি উত্তম আচরণের ব্যাপারে বিশেষভাবে যত্নশীল হও।’ (মুসলিম: ১৪৬৮)

ইসলাম নারীদের বিবাহে সম্মতি, মোহর, ভরণপোষণ, উত্তরাধিকারসহ বিভিন্ন অধিকার প্রদান করে। একইভাবে বিধবা, তালাকপ্রাপ্ত নারী ও এতিমদের অধিকার সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

এতিমের পরিচর্যার মর্যাদা বোঝাতে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এভাবে থাকব’—এ কথা বলে তিনি তর্জনী ও মধ্যমা আঙুল পাশাপাশি দেখিয়েছেন। (বুখারি: ৬০০৫)

সাম্য, মানবমর্যাদা ও ভ্রাতৃত্ব

মহানবী (সা.) মানুষের মধ্যে বংশ, গোত্র, জাতি, ভাষা বা বর্ণের ভিত্তিতে অহংকার ও শ্রেষ্ঠত্বের ধারণা দূর করেন। মানুষের মর্যাদার প্রকৃত মাপকাঠি হিসেবে তিনি তাকওয়া ও সৎকর্মকে গুরুত্ব দেন।

পবিত্র কুরআনে বলা হয়েছে, ‘হে মানবজাতি! আমি তোমাদের একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পার। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সে-ই অধিক মর্যাদাবান, যে অধিক তাকওয়াবান।’ (সুরা আল-হুজুরাত: ১৩)

বিদায় হজের ভাষণেও মহানবী (সা.) মানুষের পারস্পরিক মর্যাদা ও সাম্যের শিক্ষা দেন। জাতি, বর্ণ, ভাষা বা বংশ নয়—নৈতিকতা ও আল্লাহভীতিই মানুষের প্রকৃত মর্যাদার ভিত্তি।

আজকের সমাজে মহানবী (সা.)-এর আদর্শের প্রাসঙ্গিকতা

মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ মানে শুধু তাকে ভালোবাসার কথা বলা নয়; বরং তার চরিত্র ও শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করা। সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমাশীলতা, প্রতিবেশীর অধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সম্মান এবং এতিম-দরিদ্রের পাশে দাঁড়ানো তার শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

আজকের পৃথিবীতে হিংসা, বিদ্বেষ, বৈষম্য, পারিবারিক অশান্তি ও সামাজিক বিভাজন নানা রূপে দেখা যাচ্ছে। এমন বাস্তবতায় মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, মানবিকতা ও ভ্রাতৃত্বের শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক।

তার আদর্শ ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্রে বাস্তবায়িত হলে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ মানবসমাজ গড়ে তোলা সম্ভব।

নবীপ্রেমের প্রকৃত প্রকাশ

মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহান রহমত। তিনি জাহেলিয়াতের অন্ধকার দূর করে মানুষকে তাওহিদ, ন্যায়, সাম্য, শান্তি ও মানবিকতার পথে আহ্বান করেছেন। নারীকে মর্যাদা দিয়েছেন, এতিমের অধিকার রক্ষা করেছেন এবং দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন।

তাই রবিউল আউয়ালে নবীপ্রেম প্রকাশের সর্বোত্তম উপায় শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং তার সুন্নাহ ও আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করা। আমাদের কথা, কাজ, পরিবার, ব্যবসা, সামাজিক আচরণ ও মানুষের সঙ্গে সম্পর্ক—সবকিছুতে যদি মহানবী (সা.)-এর উত্তম চরিত্রের প্রতিফলন ঘটে, তাহলেই তার প্রতি ভালোবাসা সত্যিকার অর্থে সার্থক হবে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করার, তার সুন্নাহ আঁকড়ে ধরার এবং তার দেখানো শান্তি, সাম্য ও মানবিকতার পথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাজীপুরে অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুরে অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

যোগফল প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দরা মুন্সিরটেক এলাকায় অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে ঐশি রায় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় মাহমুদা বেগমের বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঐশি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সমশ্যামনগর এলাকার সাগর চন্দ্র রায়ের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের প্লে-নার্সারির শিক্ষার্থী ছিল।

ঐশি বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈরের মুন্সিরটেক এলাকায় মোজাফফর আলীর বাড়িতে ভাড়া থাকত। তার বাবা পেশায় চা দোকানি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পাশের বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল ঐশি। পথে মাহমুদা বেগমের বহুতল ভবনের অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সফিপুরের তানহা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেফটি ট্যাংকটির ঢাকনা না থাকায় এটি অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। এ কারণেই শিশুটি সেখানে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। ভবন মালিকের এমন উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

সেবার পরিধি বাড়িয়ে মেট্রোরেলে আয় বাড়াতে নানা উদ্যোগ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ৯:১২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সেবার পরিধি বাড়িয়ে মেট্রোরেলে আয় বাড়াতে নানা উদ্যোগ

যোগফল প্রতিবেদক: 

মেট্রোরেলের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নিজস্ব রাজস্ব বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর অংশ হিসেবে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিভিন্ন স্টেশনে ফুড ভেন্ডিং মেশিন ও রিটেইল শপ স্থাপনের পাশাপাশি ট্রেনের ভেতরে ও বাইরে বিজ্ঞাপনের পরিধি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিএমটিসিএলের একাধিক দরপত্র বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। তবে এসব উদ্যোগে ভাড়ার হার, প্রতিবছর ভাড়া বাড়ানোর শর্ত, নির্দিষ্ট স্টেশন বাদ দেওয়া, যাত্রী চলাচল ও নিরাপত্তা এবং বিজ্ঞাপন নীতির বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন উঠেছে।

১৬ স্টেশনে ভেন্ডিং মেশিন

মেট্রোরেল স্টেশনের কনকোর্স এলাকার নন-পেইড জোনে ফুড ভেন্ডিং মেশিন স্থাপনের জন্য দরপত্র আহ্বান করেছে ডিএমটিসিএল। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশন থাকলেও কোন স্টেশনের কোথায় এবং সর্বোচ্চ কতটি মেশিন বসানো হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

এ নিয়ে ডিএমটিসিএলের একাধিক বোর্ড সভায় আপত্তিও উঠেছে। দরপত্রের শর্ত অনুযায়ী, আগের বছরের ভাড়ার ওপর প্রতিবছর ৫ শতাংশ হারে ভাড়া বাড়বে। সংশ্লিষ্টদের মতে, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এ ধরনের বাড়তি আর্থিক চাপ ছোট উদ্যোক্তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

এ ছাড়া ভেন্ডিং মেশিনে বিক্রি হওয়া খাদ্যপণ্যের মান, ধরন ও দাম, বিদ্যুৎ সংযোগ ও বিল এবং মেশিনের নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দায়িত্ব কার—এসব বিষয়েও স্পষ্ট নীতিমালা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৪ স্টেশনে ৩১ রিটেইল শপ

আগারগাঁও ও কারওয়ান বাজার স্টেশন বাদ দিয়ে বাকি ১৪টি স্টেশনে ৩১টি রিটেইল শপ ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে ডিএমটিসিএল। তবে গুরুত্বপূর্ণ ও জনবহুল এ দুটি স্টেশন বাদ দেওয়ার কারণ জানা যায়নি।

কোন স্টেশনে কতটি দোকান থাকবে, দোকানের আয়তন ও ধরন কী হবে, ভিত্তিমূল্য কত এবং বরাদ্দপ্রাপ্তদের কী শর্ত মানতে হবে—এসব বিষয় নিয়েও ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে।

বিজ্ঞাপনের পরিধিও বাড়ছে

মেট্রোরেলের রাজস্ব বাড়াতে বিজ্ঞাপন খাতেও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২৪ সেট ট্রেনের প্রতিটিতে ৬০টি আলোকিত মনিটর ও প্রায় ২৮০টি আলোহীন বিজ্ঞাপন প্রদর্শনের স্থান নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি ট্রেনের ভেতরে ১০৫ দশমিক ৪৩ বর্গমিটার আলোহীন স্থানে বিজ্ঞাপন দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে যাত্রী চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

দরপত্রে অংশ নিতে প্রতিষ্ঠানের আগের বছরের টার্নওভার কমপক্ষে ১ কোটি টাকা এবং বিজ্ঞাপন খাতে অন্তত দুই বছরের অভিজ্ঞতা থাকার শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি এক বছরের ভাড়া এককালীন অগ্রিম পরিশোধের শর্তও রয়েছে।

জবাব দেয়নি ডিএমটিসিএল

এসব বিষয়ে ডিএমটিসিএলকে লিখিত প্রশ্ন পাঠানো হলেও ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম ও পরিচালক (অর্থ ও হিসাব) মো. আফতাবুজ্জামান কোনো জবাব দেননি। ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা আহসান উল্লাহ শরিফীও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার কথা জানিয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

মেট্রোরেলের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে নতুন আয়ের পথ তৈরি হতে পারে। তবে ভাড়া, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যাত্রী চলাচল ও বিজ্ঞাপন ব্যবস্থাপনা নিয়ে ওঠা প্রশ্নগুলোর স্পষ্ট সমাধানও প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম