ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর
যোগফল প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ভাঙচুর করেছেন আবু তৈয়ব হাবিলদার নামে এক শিক্ষার্থী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবিটি দেয়াল থেকে নামিয়ে ফ্রেম ভেঙে ও ছবি ছিঁড়ে ফেলেন তিনি। আবু তৈয়ব বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, দীর্ঘ বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার পড়াশোনার সুযোগ পান আবু তৈয়ব। বর্তমানে তিনি চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২০২৫ সালের ডাকসু নির্বাচনে তিনি ভিপি প্রার্থীও হয়েছিলেন এবং নির্বাচনে সবচেয়ে বয়স্ক ভিপি প্রার্থী হিসেবে আলোচনায় আসেন।
এর আগে ডাকসু সংগ্রহশালায় ১৯৪৮ সালের জিন্নাহর একটি আলোচিত ছবি প্রদর্শনের জন্য যুক্ত করা হয়। ছবিটি নিয়ে রাজনৈতিক ও ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিতর্ক তৈরি হয়।
এদিকে ছবিটি প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছবিটি দ্রুত সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ছাত্রদল দাবি করে, ১৯৪৮ সালে জিন্নাহর উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার বক্তব্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। তাদের ভাষ্য, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সংশ্লিষ্ট ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন ঐতিহাসিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ছবিটি অপসারণের পাশাপাশি ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ চর্চার স্থান হিসেবে ব্যবহার না করার দাবি জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্মারক ও ঐতিহ্য রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন